নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক।
অভিযানকালে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, আব্দুল আজিজ মাস্টার, আব্দুল জলিল, আরিফুল ইসলাম ইমন ও শাকিল আহমেদ নুরুসহ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু করে গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা পর্যন্ত মহাসড়কের ফুটপাত ও পাশে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট এবং স্থায়ী-অস্থায়ী স্থাপনা ভেকু (স্কেভেটর) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে সোমবার মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয় প্রশাসন, যার ফলে অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগেই দোকানপাট সরিয়ে নেন। উচ্ছেদের পর মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।
উচ্ছেদ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, মহাসড়ক দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। সড়কটি পুনরায় দখলমুক্ত রাখতে আপাতত ৪০ জন স্বেচ্ছাসেবী সেখানে পালাক্রমে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে মহাসড়কে ডিভাইডার স্থাপন করে যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করা হবে।