ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরাভিত্তিক স্বয়ংক্রিয় ‘অটো ফাইন সিস্টেম’। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রান্তের কন্ট্রোল রুম থেকে এ সার্বিক কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মহাসড়কের ২৫০ কিলোমিটার অংশে যানবাহনের গতিবিধি ও চলাচল নজরদারির জন্য ১ হাজারের বেশি অত্যাধুনিক এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং এবং উল্টোপথে যানবাহন চালানোর মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সম্ভব হবে। আইন ভাঙলেই সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইলফোন নম্বরে সরাসরি এসএমএসের মাধ্যমে ডিজিটাল মামলা ও জরিমানার বিবরণ পৌঁছে যাবে।
ইতোমধ্যে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় পরীক্ষামূলকভাবে এই অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, গজারিয়ার আওতাধীন ১৩ কিলোমিটার সড়কের সুরক্ষা বাড়াতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা বসানোর প্রক্রিয়া চলমান রয়েছে।