ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিনে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজের কে-৪৩ ব্যাচের কৃতি শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান এমবিবিএস সম্পন্ন করার পর চিকিৎসা পেশায় যুক্ত হন। শিক্ষাজীবনে মেধা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ ও প্রতিশ্রুতিশীল চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, উচ্চতর চিকিৎসা শিক্ষা ও বিশেষায়িত জ্ঞান অর্জনের লক্ষ্যে ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদকসহ এমএসসি ইন কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেন। কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এ প্রশিক্ষণ তাঁর পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ের একাডেমিক অভিজ্ঞতা তাঁকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

অধ্যাপক রফিকুল ইসলাম আরও বলেন, ১-১১ সরকার ও বিগত সরকারের সময় পারিবারিক পরিস্থিতির কারণে ডা. জুবাইদা রহমানকে দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করতে হয়েছে। তবে এ সময়েও তিনি বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। দেশে ফিরে তিনি আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে ডা. জুবাইদা রহমান শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন। তাঁর স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় চিকিৎসা সেবার সমন্বয় এবং সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডকে উৎসাহিত করে। তাঁর ভাষ্য অনুযায়ী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ উপহার দেওয়ার মাধ্যমে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে জিয়া পরিবারের একজন সদস্যের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিমসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্যখাতের পেশাজীবীদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধের প্রতিফলন হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তারা বলেন, চিকিৎসা পেশাজীবীদের দায়িত্ব শুধু চিকিৎসাসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; একটি সুস্থ, সবুজ ও টেকসই সমাজ গঠনের ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি সেই দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন বিপ্লব, নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ উদ্দিন নোমান, হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান নোমান, চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফখরুজ্জামান রনি, শিক্ষক সমিতির সদস্যসচিব সহযোগী অধ্যাপক আহমেদ সামি আল হাসান, বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. মির্জা আসাদুজ্জামান রতন, ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আসাদুজ্জামানসহ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *