শক্তিশালী মার্কিন ডলার ও ট্রেজারি ইল্ড বা বন্ডের মুনাফা বাড়ার কারণে আন্তর্জাতিক বাজারে আজ বৃহস্পতিবার (২১ মে) স্বর্ণের দাম আবার কমেছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা থমকে থাকায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির উদ্বেগ এবং সুদের হার উচ্চে রাখার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক বাজারে আজ সকালে স্পট গোল্ড বা প্রতি আউন্স কাঁচা স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে চার হাজার ৫১৭.৯৪ ডলারে নেমে আসে। এর আগে গত বুধবার দাম ৩০ মার্চের পর সর্বনিম্ন স্তরে নামলেও পরে মার্কিন বাজারে লেনদেনের সময় স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছিল। এছাড়া, আগামী জুন মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৫১৮.৭০ ডলারে দাঁড়িয়েছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, ‘স্বর্ণের দাম যে ৪ হাজার ডলারের মাঝামাঝি অঞ্চলে আটকে আছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন ডলার যে শক্তিশালী অবস্থানে গেছে, তা এখনো ধরে রেখেছে। একই সাথে বিশ্ববাজারে মুদ্রাস্ফীতির দুশ্চিন্তাও প্রকট।’ তিনি আরও জানান, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’-এর সর্বশেষ নীতি নির্ধারণী সভার কঠোর মনোভাবও স্বর্ণের দাম বাড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মূল্যবান এই ধাতুর দাম ১৫ শতাংশের বেশি কমেছে। জ্বালানি খরচের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতির ফলে স্বর্ণের বাজার এখন তেলের দামের সাথে বিপরীতমুখী অবস্থানে রয়েছে। অর্থাৎ তেলের দাম বাড়লে স্বর্ণের দাম কমছে। বিশ্ববাজারে আজ ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৪ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি যতদিন অনিশ্চিত থাকবে এবং সুদের হার বৃদ্ধির শঙ্কা থাকবে, ততদিন স্বর্ণের দাম বড় আকারে ঘুরে দাঁড়ানো কঠিন। ডলারের মূল্যবৃদ্ধির কারণে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে উঠেছে। পাশাপাশি মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা পুনরায় বাড়তে শুরু করায় বিনিয়োগকারীরা স্বর্ণের চেয়ে বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী হচ্ছেন, কারণ স্বর্ণ থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না।
সাধারণত মুদ্রাস্ফীতির সময়ে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ মনে করা হলেও, বর্তমানের উচ্চ সুদের হারের বাজারে স্বর্ণের দাম কমছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ কমেছে। আন্তর্জাতিক বাজারে আজ স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪.৯৬ ডলারে নেমে এসেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ শতাংশ কমে এক হাজার ৯৩১.০৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে এক হাজার ৩৫৭.৯৪ ডলারে দাঁড়িয়েছে।