সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরের দিকে পাটধারী বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বারবার ফোন দিয়ে খবর দেওয়া সত্ত্বেও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে পৌঁছায়নি। পুলিশের এ ধরনের বিলম্ব ও অবহেলার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী নিহতের মরদেহ সড়কে রেখেই মহাসড়ক অবরোধ করেন। দীর্ঘসময় অবরোধ থাকার কারণে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দুপাশে দূরপাল্লার বাসসহ বহু যানবাহন আটকে পড়ে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়।
তবে স্থানীয়দের এ অভিযোগ নাকচ করে হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে তথ্য পাওয়ার পরপরই থানার তরফ থেকে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।