ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে মহেশপুর ৫৮-বিজিবির প্রচেষ্টায় তা প্রতিহত করা হয়।

আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঝিনাইদহের মহেশপুর কুসুমপুর বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।

মহেশপুর বিজিবি-৫৮ এর সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার দুপুরে জেলার মহেশপুর সীমান্তের কুসুমপুর বিওপির চাপাতলা মাজার সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের মাহেন্দ্রা ক্যাম্প থেকে অজ্ঞাতনামা দুজন পুরুষ, একজন নারী ও একজন শিশুকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হয়। ওই এলাকায় বিজিবির টহল দল ঘটনা টের পেয়ে বাংলাদেশে প্রবেশের আগেই তাদের প্রতিহত করে। অজ্ঞাত ওই চারজন এখন শূন্যলাইন থেকে ভারতের সীমান্তের ১৫০ গজ ভেতরে অবস্থান করছে।

বিষয়টি ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের ১৯৪ ব্যাটেলিয়ানকে অবগত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।

গত ২২ জুলাই ভোরে একই সীমান্ত দিয়ে বিএসএফ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে দায়িত্বরত বিজিবি সদস্যসহ স্থানীয়রা সেই চেষ্টা ব্যর্থ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *