ঝড়ের আগের স্তব্ধতা: রহস্যময় ছবি শেয়ার করে কী ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাতে পারে এমন খবরের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে এবং মার্কিন নৌবাহিনীর এক অ্যাডমিরালকে উত্তাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেছনে থাকা কয়েকটি জাহাজের একটিতে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পতাকা উড়তে দেখা যায়। ছবিটিতে লেখা ছিল, ঝড়ের আগে শান্ত স্তব্ধতা। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

একই সঙ্গে ইরানকে আবারও হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তি না হলে দেশটিকে ‘খুব খারাপ সময়ের’ মুখোমুখি হতে হবে। একটি চুক্তিতে পৌঁছানোই তাদের স্বার্থের জন্য ভালো।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দ্রুত শান্তি চুক্তি না হলে ইরান কঠিন পরিস্থিতির মুখে পড়বে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধ অভিযানের আনুষ্ঠানিক নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে। নতুন নাম হতে পারে ‘অপারেশন স্লেজহ্যামার’।

এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্তির ঘোষণা দিয়েছিল। তবে সাম্প্রতিক এই বক্তব্য ও সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবর ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে। এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *