কিশোরগঞ্জের ভৈরববাজার এলাকায় প্রতিষ্ঠান জে আই ইম্পেক্স লিমিটেড বিক্রয় তথ্য গোপন করে ভ্যাট ফাঁকির অভিযোগের সন্ধান পেল ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। ভ্যাট গোয়েন্দার অভিযানে জব্দ করা বিভিন্ন নথি যাচাই করে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ টাকার মূসক (ভ্যাট) ফাঁকি উদঘাটন করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, গত ৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রাজস্ব কমিশনারের নির্দেশে কিশোরগঞ্জের ভৈরব থানার ভৈরববাজারের জে আই ইম্পেক্স লিমিটেড প্রতিষ্ঠানে এক অভিযান চালানো হয়। ঢাকা (পূর্ব) ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনারের নেতৃত্বে সদর দপ্তর ও নরসিংদী ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রিভেন্টিভ দল এই অভিযান চালায়।
অভিযানে মূসক ১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন নথিসহ সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে ছিল ক্লিপ ফাইল, বাণিজ্যিক দলিল, প্লাস্টিক ফোল্ডার, সিপিইউ, টালি খাতা, রেজিস্টার, ট্রাক ভাড়া সংক্রান্ত কাগজ, মেমো ফাইল, ট্রাকচালকদের ব্যয়ের বিবরণী ও প্রতিষ্ঠানের কর্মকর্তার স্বাক্ষর করা কম্পিউটার প্রিন্টেড বিক্রয় নথি।
জব্দ করা নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ২০২৩ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মাসভিত্তিক পণ্য সরবরাহের তথ্য সংবলিত ৭২টি ফোল্ডার ও নথি রয়েছে। এসব নথিতে কাঁচা চালান ও বিক্রয়ের তথ্য যাচাই করে মোট ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকার বিক্রয়ের তথ্য পাওয়া যায়। এসব তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকা মূসক ফাঁকি উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূসক ফাঁকির মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
asn/sks