জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিল : এ্যানি

‎পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিল। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য তিনি খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত ধরে এ কর্মসূচির পুনর্জাগরণ হচ্ছে।

বুধবার (১০ জুন) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জিয়াউর রহমানের আমলেই মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিসহ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল।

পানিসম্পদ মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দিগভ্রান্ত জাতিকে যুদ্ধের আহ্বান জানিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলার শত চেষ্টা করা হয়েছে। মানুষের হৃদয়ে যার নাম, তার নাম ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। যতদিন দেশ থাকবে, ততদিন দেশের মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

‎ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে খাল, পুকুর, জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি পুনরায় চালু করেছেন। খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, কৃষিতে সেচের ব্যবস্থা হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, নদীর নাব্যতা ফিরে আসবে এবং জলাবদ্ধতা দূর হবে।

মন্ত্রী বলেন, কৃষি ব্যাংক আর্থিক খাতের সুশৃঙ্খল প্রতিষ্ঠান। দেশের জনগণের ভাগ্যন্নোয়নে কৃষি ব্যাংক সরাসরি জড়িত। কৃষি ব্যাংক দেশের জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *