জিম্বাবুয়েতে যাত্রীবোঝাই ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৭

জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি উল্টে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় এখনও ২৭ জন নিখোঁজ রয়েছেন। আজ বুধবার (১২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। 

দেশটির সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানায়, উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পে যাত্রী পরিবহনকালে মঙ্গলবার প্রবল ঢেউয়ের ধাক্কায় নৌযানটি উল্টে যায়।

বিবৃতিতে বলা হয়, ৯০ জন ধারণক্ষমতার ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু সদস্য এবং টিকিটের আওতাবহির্ভূত বেশ কয়েকজন শিশু ছিল।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত এবং ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলো সংগ্রহ ও প্রসেসিংয়ের জন্য দুটি ফিউনারেল পার্লারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এখনও নিখোঁজ থাকা ২৭ জনের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে। নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে হেলিকপ্টার, স্পিডবোট এবং একটি বিশেষায়িত জলযান উদ্ধারকারী ইউনিটকে বিমানযোগে ঘটনাস্থলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজধানী হারারে থেকে ৩০০ কিলোমিটারের বেশি উত্তর-পূর্বে জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত কারিবা হ্রদটি জলধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *