প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৮ জুন) দিনগত রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাম রসুল কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। পুলিশ জানায়, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর গোলাম রসুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন একটি পোস্ট দেন। বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু করা হয়। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে আটক করা হয়।
মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারের পর আজ সকালে তাকে বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।