কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের ব্রিজপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ওই গ্রামের কানিপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে। এ ঘটনায় মবদুল ও সাবিনা নামে আরও দুজন আহত হয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে আট শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় সালিশ ও গ্রাম আদালতে তা নিষ্পত্তির চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। সোমবার দুপুরে শুক্কুর আলীর পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে রোপা আমনের চারা রোপণ করতে গেলে শহিদুল ও তার স্বজনেরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কোঁচের (মাছ ধরার একপ্রকার দেশীয় অস্ত্র) আঘাতে শহিদুল গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।