বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে সরকারের কর্মকাণ্ড ও কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করতে হবে। তিনি বলেন, ‘নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না।’
আজ সোমবার (২৪ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের প্রতিটি কাজ, কর্মকাণ্ড ও বাস্তবায়নাধীন কর্মসূচির ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করেছেন। তাই জনস্বার্থের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো কাজ করবে না।’
রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে যে অবস্থান তৈরি করেছে, তার পেছনে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জনকল্যাণমূলক কর্মকাণ্ড রয়েছে। তারা নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যে কাজ করেছেন, সেগুলোই বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে। এখন তাদের সুযোগ্য পুত্র তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন কিছু কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং তা জনগণের কাছে তুলে ধরবেন। এর মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা আরও বাড়বে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে যারা দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন, তাদের সতর্ক হতে হবে। আপনারা অনৈতিক কাজে যুক্ত না হয়ে গঠনমূলক কাজে যুক্ত থাকবেন এবং দলকে শক্তিশালী করবেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার চেষ্টা করতে হবে।
রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় পর্যায়ে ইউনিয়ন, উপজেলা, থানা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। দলীয় প্রতীকে এখন আর নির্বাচন হবে না। দলের নেতাকর্মী ও সমর্থকরা দল-সমর্থিত প্রার্থীকেই সমর্থন দেবেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘এত অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও জরিপে বিএনপির জনপ্রিয়তা প্রায় ৫৪ থেকে ৫৬ শতাংশ। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বেশি, ৬৫ থেকে ৬৬ শতাংশ।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কখনো ব্যর্থ হবে না। সেই সরকার জনগণমুখী সামাজিক সরকার হিসেবে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকে।’
এর আগে রিজভী দলের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিটের বিপুল নেতাকর্মী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।