শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, আমদানিকৃত পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে ও ব্যবসায়ীদের বন্দরে অতিরিক্ত ক্ষতিপূরণ (ড্যামারেজ) থেকে রক্ষা করতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সংশ্লিষ্ট সেবা চালু রাখা হবে।
আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত স্টেকহোল্ডার গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া এ সিদ্ধান্তের ফলে আমদানিকৃত পণ্যের দ্রুত ছাড়পত্র নিশ্চিত হবে ও বন্দরে অপ্রয়োজনীয় ড্যামারেজ খরচ কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সিটিজেন চার্টারে নির্ধারিত সময়ের চেয়েও কম সময়ে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র দেওয়ার জন্য বিএসটিআই কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিল্প সচিব আরও বলেন, সরকার নিজে ব্যবসা করে না; বরং ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা ও অনুকূল পরিবেশ তৈরি করে। দেশের উন্নয়নের গতি বজায় রাখতে ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় সরকার পাশে থাকবে।
বিএসটিআই মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এম এ কামাল বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার টয়লেট্রিজ, সিটি গ্রুপ, ওয়ালটন, এসিআই, পোলার আইসক্রিম, অলিম্পিক বেকারি অ্যান্ড কনফেকশনারি লিমিটেড, অলিম্পিয়া বেকারি, ট্রাস্ট ইনফিনিটি ফার্মস, পিয়ারলেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
গণশুনানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য-নকল পণ্য উৎপাদনকারী অবৈধ প্রতিষ্ঠানের উৎস শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ, পণ্যের মান প্রণয়নে এসআরও প্রকাশের সময়সীমা হ্রাস, ফুড-গ্রেড কালার ব্যবহারের আগে প্রয়োজনে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা, সুগার ও নন-সুগার রুটি-পাউরুটির মান একত্রিতকরণ এবং লাইভ বেকারিগুলোতে অভিযান জোরদার করা।
গণশুনানিতে বিএসটিআই মহাপরিচালক ব্যবসায়ীদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, আপনারা আমাদের সেবাগ্রহীতা। আপনাদের সেবায় কোনো ঘাটতি থাকলে আমরা জবাবদিহি করতে বাধ্য। আমরা এসআরও প্রকাশের সময় কমানো ও পণ্যের মান প্রণয়ন প্রক্রিয়া আরও সহজ করতে কাজ করছি।
গণশুনানিতে আলোচিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।