ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার (১১ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এই আদেশ দেন। এদিন আসামিপক্ষে সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরে এ মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।
২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা (ডিবি) মতিউরকে গ্রেপ্তার করে পুলিশ।