কুমিল্লা চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের স্টোরে রক্ষিত নতুন ৬০ সেট কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কলেজের চিফ ইন্সট্রাক্টর (টেক) মোহাম্মদ হাসেম বাদী হয়ে আজ রোববার (১১ অক্টোবর) সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুরুল হাসান তালুকদার।
অধ্যক্ষ মঞ্জুরুল হাসান তালুকদার জানান, প্রতিষ্ঠানটির কাজ শেষ না হওয়ায় ঠিকাদার এখনও আমাদের কাছে বুঝিয়ে দেয়নি এবং সীমানা প্রাচীরও তৈরি হয়নি। যার কারণে পুরো প্রতিষ্ঠানটি অরক্ষিত রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সরকার হান্ড্রেড টিএসসি প্রকল্পের আওতায় চলতি বছরের মার্চে প্রতিষ্ঠানটিকে ৬০ সেট নতুন কম্পিউটার দেয়। আমরা কম্পিউটারগুলো প্রতিষ্ঠানের ২য় তলার একটি অস্থায়ী সাব স্টোর রুমে সংরক্ষণ করি। আজ সকালে এসে দেখি ওই রুমে তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখি ৪৬ সেট কম্পিউটার সিপিইউ থেকে মূল্যবান যন্ত্রাংশ প্রসেসর, র্যাম ও হার্ডডিস্ক অজ্ঞাতপরিচয় চোর চক্র চুরি করে নিয়ে যায়। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটি চিফ ইন্সট্রাক্টর (টেক) মোহাম্মদ হাসেম বাদী হয়ে আজ সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অধ্যক্ষ বলেন, চুরির ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার যন্ত্রাংশ চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা চোর চক্রকে শনাক্ত ও চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি।