চিলিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে সোমবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আতাকামা মরুভূমি এলাকায়, যা কালামা শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০০ কিলোমিটার।

চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। একই সঙ্গে কোথাও গুরুতর ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আরিকা, তারাপাকা, আন্তোফাগাস্তা ও আতাকামা অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভিএনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, কম্পনের কারণে সুপার মার্কেটের তাক থেকে বিভিন্ন পণ্য মেঝেতে পড়ে যাচ্ছে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত চিলি। দেশটির মানুষ সাধারণত ৭ মাত্রার কম ভূমিকম্পকে খুব বেশি উদ্বেগের কারণ হিসেবে দেখেন না।

চিলির ভূখণ্ডে নাজকা, দক্ষিণ আমেরিকান ও অ্যান্টার্কটিক—এই তিনটি টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

এর আগে ১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া শহরে ৯ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পে প্রায় সাড়ে ৯ হাজার মানুষ নিহত হন।

এ ছাড়া ২০১০ সালে মধ্য চিলির উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পের পর সুনামি সৃষ্টি হয়। এতে ৫২০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *