দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘চিকিৎসকদের জন্য উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ সুবিধার পরিধি বাড়াতে চীন ও পাকিস্তানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা ও অগ্রগতির কাজ এগিয়ে চলেছে।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ২৫০ শয্যায় উন্নীতকরণ কর্মসূচির উদ্বোধন শেষে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
দেশের চিকিৎসকরা বহু সীমাবদ্ধতার মাঝেও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন মন্তব্য করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, একটি সুস্থ ও সবল জনগোষ্ঠী ছাড়া সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা অসম্ভব। তাই চিকিৎসা পেশার মহৎ মর্যাদা রক্ষা করে দেশের প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে।
জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. হাসান জাফরের সভাপতিত্বে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।