ঢাকাই সিনেমার অভিনেতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ১৫ মাস চিকিৎসার পর ৩ আগস্ট কয়েক দিনের জন্য দেশে ফিরেছিলেন।
বুধবার (১২ আগস্ট) সকালে চিকিৎসার জন্য ফের লন্ডনে চলে গেলেন এই অভিনেতা।ইলিয়াস কাঞ্চনের গড়া সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, দেশে থাকার সময়ও সংগঠনের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছেন তিনি।
লন্ডনে ফেরার আগে ইলিয়াস কাঞ্চনের একটাই আবদার ছিল—তার জন্য দোয়া করা এবং নিরাপদ সড়কের আন্দোলন চালিয়ে যাওয়া।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবার লন্ডনে গিয়ে পরবর্তী চিকিৎসা নেবেন ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার রাতেও ইলিয়াস কাঞ্চনের বাসায় ছিলেন লিটন এরশাদ। মধ্যরাতে সে সময়ের একটি মুহূর্ত শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘১২ আগস্ট সকাল ১০টায় ফ্লাইট। গুলশানের বাসা থেকে ভোরেই এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবেন সড়কের মহানায়ক। বিদায় জানাতে গেলাম; এই অবস্থায় সংগঠন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা বিষয় নিয়ে আলাপ করলেন, দিলেন নির্দেশনাও। লিডার, কথা দিলাম আপনার সকল নির্দেশনা মোতাবেকই কাজ হবে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, সুস্থ হয়ে আপনি দ্রুত ফিরে আসুন। সবাই দোয়া করবেন সড়কের মহানায়কের জন্য।’
উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন। হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমার পুরোপুরি অপসারণ করা যায়নি। পরে জানা যায়, ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেতা। সেই থেকে চলছে কেমো থেরাপি ও ওরাল থেরাপি। এবার গিয়ে চিকিৎসকের নির্দেশনা মোতাবেক পরবর্তী চিকিৎসা নেবেন কাঞ্চন।
এসএন/পিডিকে