গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশও স্বাবলম্বী হবে : ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। আজ বুধবার (২৪ জুন) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পাশ্ববর্তী একটি দেশের পানি বণ্টনে বৈষম্যের কারণে দেশের অনেক নদী শুকিয়ে যাচ্ছে, যা দেশের কৃষি, পরিবেশ ও জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের নদী ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে সরকার তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। একদিনে সবকিছু পরিষ্কার করা সম্ভব নয়। তবে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় আরও কয়েকটি খাল ও নদী খনন কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *