খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগনেতা রিমান্ডে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের তেজগাঁও থানা শাখার সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারীকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালান। এতে খালেদা জিয়ার গাড়িবহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় সিএসএফের নিরাপত্তাকর্মীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *