খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের হজরত খানজাহান আলীর (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরে নেওয়া শিশু ফাতেমার (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের খান জাহান আলীর (রহ.) মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাট থেকে শিশু ফাতেমাকে কুমির পানির নিচে টেনে নিয়ে যায়।

শিশুটির চিৎকার শুনে মাজারে অবস্থানরত স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম।

এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় সাড়ে আট ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, রাত প্রায় সাড়ে ৮টার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। রাতভর অনুসন্ধান চালানোর পর মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *