খাগড়াছড়ি কারাগার থেকে পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।  ঘটনার  নয় মাস পর গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাতে সিএমপির কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় খাগড়াছড়ি থানা পুলিশ চট্টগ্রামের লালখান বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার শফিকুল ইসলাম খাগড়াছড়ি জেলা শহরের  ইসলামপুরের নুরুল ইসলামের ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের ৯ নভেম্বর বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি জেলা কারাগারের দক্ষিণ পাশের দেওয়াল টপকে দুই আসামি একসঙ্গে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে কারা প্রশাসন ও পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেন নামের একজনকে সন্ধ্যায় শহরের টিএনটি গেট এলাকা থেকে আটক করা সম্ভব হলেও অপর আসামি শফিকুল ইসলাম আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখলেও তার হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *