কুড়িগ্রামে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাহাঙ্গীর আলম নামের এক মুদি ব্যবসায়ীর পথরোধ করে মারধর ও ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) ভোরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার নেংলার দোকান সংলগ্ন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম (৪২) ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের সরকার স্টোর’র স্বত্বাধিকারী। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। নেংলার দোকান সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে চারজন বখাটে যুবক তার পথরোধ করে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে তার কাছে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার জাহাঙ্গীর আলম বলেন, যাতায়াতের পথে দীর্ঘদিন ধরেই কয়েকজন বখাটে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। শুক্রবার ভোরে তারা পথরোধ করে টাকা ছিনিয়ে নেয় ও মারপিট করে। এ ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, অভিযোগের কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *