খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদ্রাসার পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা মানুষের একটি ব্যান্ডেজ করা কাটা পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে কুকুরের মাটি খোঁড়াখুঁড়ির কারণে পা-টি বেরিয়ে এলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
খবর পেয়ে লবণচরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা পা-টি উদ্ধার করে। পরবর্তীতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা চালান।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে রাস্তার পাশের একটি গর্তে কুকুরের খোঁড়াখুঁড়ি দেখে সন্দেহ হলে স্থানীয়রা ব্যান্ডেজ করা অবস্থায় পায়ের অংশটি দেখতে পান। তাদের ধারণামতে, উদ্ধার হওয়া পাটি বয়স্ক কোনো পুরুষের হতে পারে। পাটি দীর্ঘদিন মাটির নিচে থাকায় তাতে পচনের লক্ষণ দেখা গেছে। তবে পাটি কার বা কীভাবে সেখানে এলো, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গ্যাংগ্রিন, ক্যানসার বা অন্য কোনো রোগের কারণে অস্ত্রোপচারের মাধ্যমে পা-টি কেটে ফেলার পর বর্জ্য হিসেবে অনিরাপদভাবে ফেলে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।