জয়পুরহাটের কালাইয়ে কিডনি কেনাবেচা চক্রের মূলহোতা আব্দুস সাত্তারকে (৫৪) গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে বগুড়া সদর থানার পৌর পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আব্দুস সাত্তার কালাই উপজেলার বহুতি গ্রামের বাসিন্দা। কালাই উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই চক্রটি দরিদ্র ও ঋণগ্রস্ত মানুষদের আর্থিক প্রলোভন দেখিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করাত। চক্রের মূলহোতা সাত্তারের বিরুদ্ধে কিডনি কেনাবেচা সংক্রান্ত অন্তত ৫টি মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মন্টু মিয়া নামের এক ব্যক্তিকে ১০ লাখ টাকার বিনিময়ে কিডনি বিক্রির প্রলোভন দেখানো হয়। পরবর্তীতে ২০২৬ সালের জানুয়ারির শুরুতে মাত্র ৫০ হাজার টাকা দিয়ে তাকে নেপালে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি কেটে নেওয়া হয়। বাংলাদেশে ফেরত এসে বাকি সাড়ে ৯ লাখ টাকা চাইলে আসামিরা তা না দিয়ে টালবাহানা শুরু করেন। এ ঘটনায় গত ১৩ জুন আদালতে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে বিচারকের নির্দেশে কালাই থানায় এফআইআর নথিভুক্ত করা হয়।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।