মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, দলটি কারও চোখ রাঙানিতে ভয় পায় না। আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রি কলেজ মাঠে দাউদপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ বলেন, ‘দেশের বাইরে থেকে ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্র করছে। একই সঙ্গে একটি দল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপিকে পরাজিত করার চেষ্টা করেছিল। তবে আল্লাহর অশেষ রহমত ও জনগণের সমর্থনে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, জনগণ ধানের শীষকে বেছে নিয়েছে এবং দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চায়। দলের কিংবা দলের বাইরের কেউ অন্যায়, জুলুম ও নির্যাতন করে মানুষের কষ্টের কারণ হলে তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মানুষের স্বার্থে বিএনপি প্রয়োজন হলে সবার সঙ্গে কাজ করবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই আদর্শ বিএনপি ধারণ করে। দেশের মানুষের কল্যাণের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না।’
মতবিনিময় সভায় নবাবগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।