রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন কলা মাঠ এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রিশাত জাহান অমি (১৬) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ আগস্ট) দিনগত রাত দেড়টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে যে–কোনো সময় নিজ বাসায় এই ঘটনা ঘটে। পরে সকালের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা জাকির হোসেন জানান, রাতে আমরা সবাই ঘুমে ছিলাম। সেই সুযোগে রিশাত মাঝরাতের কোনো এক সময় পারিবারিক কলহের জেরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। পরে ভোরের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সোয়া ৭টার দিকে জানান, তিনি আর বেঁচে নেই।
নিহতের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরের কলা মাঠ এলাকায়। তার বাবার নাম মো. ওসমান গনি। তিনি ঢাকা সিটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বর্তমানে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।