ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে হাইওয়ে পুলিশ।
ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নিহত হয়েছেন। আজ সোমবার (২২ জুন) বেলা ১১টার পর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর জেলা সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, সকালে নিজের মোটরসাইকেলে চড়ে কর্মস্থল ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের উদ্দেশে যাচ্ছিলেন মো. রিবুল হোসাইন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর মধ্যে মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন, তারা সবাই সুস্থ্য আছেন। এই বিষয়ে বাস ও মোটরসাইকেল জব্দসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।