কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি, বিলম্বের জন্য দায়ী নেতানিয়াহু : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৈরুতে ইসরায়েলি বিমান হামলার কারণে কিছুটা বিলম্ব হলেও, ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তিটি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই স্বাক্ষরিত হতে যাচ্ছে। তবে চুক্তি স্বাক্ষরের ঠিক আগমুহূর্তে এই হামলার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। খবর এএফপির।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’কে দেওয়া এক ফোনকলে ট্রাম্প বলেন, এই হামলায় সবকিছু ওলটপালট হয়ে গেছে। চুক্তি স্বাক্ষরটি মাত্র কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে গেছে। এটি আসলে এখনই হয়ে যাওয়ার কথা ছিল। তবে আশা করছি, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন হবে।

নেতানিয়াহুর প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, এটা খুবই খারাপ একটি কাজ হয়েছে—আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। আমাদের চুক্তি স্বাক্ষরের ঠিক এক ঘণ্টা আগে এই হামলাটি চালানো হলো।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি বাহিনী যখন বৈরুতে তিনজন নিহতের ঘটনা ঘটায়, তখন ট্রাম্প মারাত্মক রেগে যান। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্য করে চরম ক্ষোভ উগরে দেন।

এক ফোনকলে ট্রাম্প সরাসরি বলেন, নেতানিয়াহুকে কেন এই জঘন্য হামলাটা করতে হলো? আমি প্রচণ্ড ক্ষেপে গিয়েছিলাম এবং তাকে সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছি। তার কোনো বিচারবুদ্ধিই নেই।

এদিকে ইরানের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, যেকোনো শান্তি চুক্তিতে লেবানন সংকটকেও অন্তর্ভুক্ত করতে হবে, যেখানে বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তুমুল লড়াই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *