ওয়েব ফিল্ম নয়, এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শিকার’

ওটিটি প্ল্যাটফর্মের জন্য ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত নতুন চলচ্চিত্র ‘শিকার’। থ্রিলারধর্মী এই সিনেমাটি এখন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে পরিকল্পনা করা হলেও গল্পের গভীরতা, বাজেট এবং শিল্পীদের পারফরম্যান্স বিবেচনায় এটি বড় পর্দার জন্য বেশি উপযোগী মনে হয়েছে। ফলে প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেজা ফিল্মস’-এর সঙ্গে আলোচনা করে সিনেমাটিকে পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকভাবে মার্চে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। তবে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শুটিং শুরু হবে।

সিনেমার বেশির ভাগ গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হবে নেপালের মনোরম লোকেশনে। শুটিং ইউনিট চলতি মাসেই নেপালের উদ্দেশে রওনা দেবে বলে জানা গেছে।

সীমান্তবর্তী অঞ্চলের রোমাঞ্চকর গল্পকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে অপু বিশ্বাসকে দেখা যাবে এক ভিন্নধর্মী গ্ল্যামারাস চরিত্রে। তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার পরিচিত মুখ মুরতজা পলাশ।

গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সিনেমাটির সংগীতায়োজনও শুরু হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে একটি রোমান্টিক গান ‘দুজন মিলে বাঁচব এক জীবন’-এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যানসি। সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই।

সব মিলিয়ে বড় বাজেট ও ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত ‘শিকার’ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা এখন বেশ উঁচুতে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *