ঐতিহাসিক জয়ের পর বোনাস পাবেন শান্তরা? যা জানালেন তামিম

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। একই সঙ্গে এই জয়কে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ঐতিহাসিক জয় নিয়ে রবিবার বিকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘যেকোনো দলের জন্য অস্ট্রেলিয়ায় খেলা অনেক কঠিন। ২৩ বছর পর সেখানে গিয়ে যেভাবে খেলে বাংলাদেশ দল জিতেছে, তার কৃতিত্ব ১০০০ শতাংশ তাদের। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচকসহ সবাইকে কৃতিত্ব দিতে হবে।’

বোর্ডের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বোর্ডে শুধু তাদের সহায়তা করতে, সুযোগ-সুবিধা দিতে ও গাইড করার জন্য আছি। এই অর্জনে অন্য কারও কৃতিত্ব নেই, এটি সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট, নির্বাচক এবং খেলোয়াড়দের।’

এ সময় খেলোয়াড়দের বোনাসের প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন, ‘বোনাসের বিষয়টা আমাদের মধ্যেই (খেলোয়াড় ও বোর্ড) থাকুক। খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো।’

তবে ঐতিহাসিক এই জয়ে খেলোয়াড়দের নিয়ে গর্ব প্রকাশ করেন তামিম, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটা শুধু একটি জয় নয়, একটা শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *