এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত। এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ১৯৫ সদস্য সংবলিত পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তথ্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

ইয়াসির আরাফাত গত ৯ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে ইতি টেনে এ বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাসখানেক আগে এনসিপিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়াশোনা শেষ সাংবাদিকতা শুরু করেন তিনি। বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। একপর্যায়ে আওয়ামী লীগ সরকার সেটি বন্ধ করে দেয়। ২০১৮ সালে তিনি এনটিভিতে যোগ দেন। পরে ২০২২ সালে তিনি দৈনিক সমকালে যোগ দেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য খাতের মতোই সংবাদমাধ্যমের পেশাদারিত্ব এবং সাংবাদিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের আলোচনা জোরালো হয়। সেই পরিপ্রেক্ষিতে মূলধারার অন্তত দুই ডজন সাংবাদিককে নিয়ে গড়ে তোলেন বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ। এনসিপিতে যোগদানের সময় তিনি সাংবাদিক সংগঠনটির আহ্বায়ক পদ থেকে ইস্তফা দেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক বিষয়াবলি সংরক্ষণে কাজ করেছেন ইয়াসির আরাফাত। জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান, কবিতার বিশাল আর্কাইভ ‘জুলাই মেমোরিজ’র সহ-প্রতিষ্ঠাতা তিনি। দেশের ১১টি জেলার ১০ হাজারের মতো গ্রাফিতির ছবি তুলে রাখা হয়েছে জুলাই মেমোরিজের ওয়েবসাইটে।

এনসিপিতে যোগদানের পর থেকেই ইয়াসির আরাফাত দলের কেন্দ্রে মিডিয়া সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নতুন দল এনসিপির রাজনৈতিক প্রসারে কাজ করে আসছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে কাজ করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *