এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা, নাকাল শহরবাসী

ফেনীতে মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা ও রেকর্ডভাঙা এই বর্ষণে ফেনী শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে গেছে। ফলে শহরবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ অধিকাংশ নিচু এলাকা এখন পানির নিচে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় নষ্ট হয়েছে মূল্যবান মালামাল।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। জলাবদ্ধতার মধ্যেই শিক্ষার্থীদের ভিজে এবং হাঁটু সমান পানি মাড়িয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে যেতে দেখা গেছে। যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় সাধারণ পথচারীদের ভোগান্তিও ছিল চরমে।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন জানান, টানা ও অতি বৃষ্টির ফলে ড্রেন এবং খাল দিয়ে পানি নামার গতি কিছুটা ধীর হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ১২টি টিম মাঠে কাজ করছে। আশা করছি, পরবর্তী এক ঘণ্টার মধ্যে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হবে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত আগামী অন্তত তিন দিন অব্যাহত থাকতে পারে। সেই সাথে বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়েরও প্রবল আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *