উদ্বোধনের দুই মাসেই উঠছে সড়কের কার্পেটিং

বরিশালের উজিরপুর উপজেলায় প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আড়াই কিলোমিটার দীর্ঘ একটি সড়কের কার্পেটিং দুই মাস পার না হতেই উঠতে শুরু করেছে। সড়কের একাধিক স্থানে গর্ত তৈরি হওয়া এবং কিনারা দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, কাজের নিম্নমান ও যথাযথ তদারকির অভাবেই এত দ্রুত সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার হারতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত ৭৪ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স তাসমিয়া এন্টারপ্রাইজ’। ভারি যানবাহন চলাচল না করা সত্ত্বেও সড়কটির ৫ থেকে ৬টি স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শেষ হওয়ার দুই মাস পূর্ণ হওয়ার আগেই সড়কের অন্তত পাঁচ থেকে ছয়টি স্থানে কার্পেটিং উঠে গেছে। অথচ এ সড়কে ভারি যানবাহনের চলাচলও তেমন নেই। সরেজমিনে দেখা গেছে, কয়েকটি স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের কিনারাও ভেঙে গেছে।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন রাস্তা দুই মাসও টিকল না। এখনই পিচ উঠে যাচ্ছে। কাজের মান ভালো হলে এত দ্রুত এমন হওয়ার কথা নয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. মহিউদ্দিন বলেন, বৃষ্টির পানির কারণেই ক্ষতি হয়েছে এবং বৃষ্টি কমলে সেগুলো মেরামত করা হবে।

এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায় বলেন, বৃষ্টির কারণে কয়েকটি স্থানে পানি জমে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি কমলে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *