ঈদে ‘পেন্সিল হিল’ নিয়ে আসছে সাদিয়া ইসলাম মৌ

দীর্ঘ ক্যারিয়ারে খুব কম মিউজিক ভিডিওতেই দেখা গেছে মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ-কে। এবার ঈদের আগের রাতে প্রকাশ পেতে যাচ্ছে তার অভিনীত নতুন গান ‘পেন্সিল হিল’। এটি মৌ-এর ক্যারিয়ারের তৃতীয় মিউজিক ভিডিও।

গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন আসিফ আলতাফ। মিউজিক ভিডিওতে মৌ-এর পাশাপাশি অভিনয় করেছেন আসিফ আলতাফ নিজেও।

নতুন এই কাজ প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে “আমার গরুর গাড়িতে” গানের মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। দর্শক তখন বেশ ভালোভাবে গ্রহণ করেছিলেন। এখন মিউজিক ভিডিওর ধরন অনেক বদলে গেছে। নিয়মিত প্রস্তাব পেলেও সব কাজ করা হয়ে ওঠে না।’

তিনি আরও বলেন, ‘আসিফ আলতাফ যখন “পেন্সিল হিল” নিয়ে যোগাযোগ করলেন, নামটাই প্রথমে আমাকে আগ্রহী করে তোলে। পরে গানটি শুনে ভালো লাগে। আধুনিক জীবনের এক ধরনের বিষাদ ও অনুভূতি উঠে এসেছে এতে। মনে হয়েছে, আমার উপস্থিতি গানটির আবহ আরও বাড়িয়ে দেবে।’

গানটি নিয়ে আসিফ আলতাফ বলেন, ‘আমি সবসময় একটু আলাদা ধরনের গান করার চেষ্টা করি। “পেন্সিল হিল” অনেক আগের লেখা ও সুর করা একটি গান। শুরু থেকেই চেয়েছিলাম, ভিডিওতে এমন একজন থাকবেন যিনি গানটির আবেগকে ধারণ করতে পারবেন। তখনই মৌ আপার কথা মনে হয়।’

তিনি জানান, পুরো টিম বেশ যত্ন নিয়ে কাজটি সম্পন্ন করেছে। দর্শক গানটি শুনেও যেমন ভালো লাগা অনুভব করবেন, তেমনি ভিডিওটিও উপভোগ করবেন বলে আশা তার।

‘পেন্সিল হিল’-এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শোয়েব আহমেদ। ঈদের আগের রাতে গানটি প্রকাশ পাবে শিল্পীর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *