ঈদুল আজহার শুভেচ্ছা বিএনপি মহাসচিবের

বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ মে) ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি মুসলমানদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বাণীতে মির্জা ফখরুল বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। কোরবানির মধ্য দিয়ে মানুষ আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয় এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা লাভ করে।

তিনি বলেন, ঈদুল আজহার তাৎপর্য কেবল পশু কোরবানিতে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের অন্তরের অশুভ প্রবৃত্তি দূর করে সরল ও মানবিক জীবনযাপনের আহ্বান জানায়। এই উৎসব মুসলমানদের আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়।

বিএনপি মহাসচিব আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্য গড়ে তুলতে উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‌ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও কল্যাণ—মহান আল্লাহর দরবারে এটাই আমার প্রার্থনা।’

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *