ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১০ জুন) দুপুরে ব্যাংকার্স সভায় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে গভর্নর মোস্তাকুর রহমানের বৈঠকের পর সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।  

শাহরিয়ার সিদ্দিকী জানান, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন।

শাহরিয়ার সিদ্দিকী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *