ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যুদ্ধাপরাধের মামলার আবেদন

ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভীরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা ও গণহত্যায় সরাসরি উসকানি দেওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিন্দ রজব ফাউন্ডেশন’ মার্কিন বিচার বিভাগে এই অপরাধের জন্য বেন-গাভীরের বিচার ও গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। খবর আলজাজিরার। 

আগামী জুলাই মাসের শুরুতে নিউইয়র্ক সিটিতে সম্ভাব্য সফরের কথা রয়েছে বেন-গাভীরের। তিনি মার্কিন মাটিতে পা রাখার আগেই তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করছে অলাভজনক এই সংস্থাটি।

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার দায়ে গত বছর অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, নরওয়ে ও যুক্তরাজ্য ইতামার বেন-গাভীরের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তা সত্ত্বেও এই ইসরায়েলি মন্ত্রী প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলের প্রাণঘাতী সামরিক হামলা আরও জোরদার করার প্রকাশ্য আহ্বান জানিয়ে আসছেন।

এমনকি গত সপ্তাহে হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর বেন-গাভীর বলেছিলেন, পুরো লেবাননকে পুড়িয়ে ছারখার করে দেওয়া উচিত। তার এই ধরনের একের পর এক যুদ্ধংদেহী বক্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

হিন্দ রজব ফাউন্ডেশনের মার্কিন প্রতিনিধি জেক রোম ইসরায়েলি এই মন্ত্রীর সমালোচনা করে বলেন, বেন-গাভীর আমাদের সময়ের অন্যতম নিকৃষ্ট ও বড় অপরাধীদের একজন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনি ও নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। বেন-গাভীর মার্কিন মাটিতে পৌঁছানো মাত্রই অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা এবং বিচারের মুখোমুখি করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *