ইরান যুদ্ধে ৬০ দিনেই যুক্তরাষ্ট্রের খরচ আড়াই হাজার কোটি ডলার

ইরানের সঙ্গে চলমান সংঘাতের ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই বড় অংকের আর্থিক হিসাব সামনে এনেছে পেন্টাগন। পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার খরচ হয়েছে। খবর এনবিসি নিউজের।

বুধবার (২৯ এপ্রিল) হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট থ্রি এই হিসাব তুলে ধরেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের উপস্থিতিতে তিনি এ তথ্য জানান।

পেন্টাগন এই সংঘাতকে ‘অপারেশন এপিক ফিউরি’ হিসেবে অভিহিত করেছে। হার্স্ট জানান, গোলাবারুদ, সামরিক অভিযান, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপন বাবদ এই অর্থ ব্যয় হচ্ছে।

সংঘাতের ব্যয়ের পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে হোয়াইট হাউসের মাধ্যমে কংগ্রেসের কাছে অতিরিক্ত তহবিলের দাবি জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধের মাত্র প্রথম ছয় দিনেই পেন্টাগনের খরচ হয়েছিল ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

সূত্রে জানা গেছে, ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জামের যে পরিমাণ ক্ষতি করেছে, তা প্রকাশ্যে স্বীকার করার চেয়ে অনেক বেশি। এই ক্ষতি মেরামতের জন্য আরও শত শত কোটি ডলার প্রয়োজন হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন।

১৯৭৩ সালের ‘যুদ্ধ ক্ষমতা প্রস্তাব’ অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সামরিক শক্তি ব্যবহার করতে পারেন। এই সময়সীমা পার হতে চলায় ট্রাম্প প্রশাসনকে এখন কংগ্রেসের সমর্থন আদায় অথবা ৩০ দিনের বর্ধিত মেয়াদের অনুরোধ করতে হবে।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে গ্যাসের দাম ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার জ্বালানি খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আলোচনা থমকে যাওয়ায় ইরানকে ‘বিচক্ষণ’ হওয়ার পরামর্শ দিয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *