ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের বিরোধিতা দিন দিন বাড়ছে। এর ফলে একদিকে যেমন দেশটির অর্থনৈতিক উদ্বেগ গভীর হচ্ছে, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপও চরম আকার ধারণ করছে। খবর আল জাজিরার।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি নতুন জরিপে দেখা গেছে, বর্তমানে ৬০ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক এই যুদ্ধের ঘোর বিরোধিতা করছেন, যা গত মাসে ছিল ৫৫ শতাংশ। এছাড়া, জরিপে অংশ নেওয়া ৯১ শতাংশ মানুষই যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক অস্থিরতার জন্য এই ইরান সংঘাতকে সরাসরি দায়ী করেছেন।
দেশটির অর্থনীতি নিয়ে জনগণের অসন্তোষ বাড়তে থাকায় এই পরিসংখ্যান ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছে। জরিপে অংশ নেওয়া তিন-চতুর্থাংশের বেশি মানুষ জানিয়েছেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। প্রায় ৭৭ শতাংশ নাগরিক বর্তমান পরিস্থিতিকে ‘খারাপ’ বলে বর্ণনা করেছেন, যা গত মাসে ছিল ৭৩ শতাংশ এবং এক বছর আগে ছিল ৭১ শতাংশ।
অর্থনীতি পরিচালনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর মার্কিন নাগরিকদের অসন্তোষও রেকর্ড পরিমাণে বেড়েছে। এক বছর আগে যেখানে ৫৬ শতাংশ মানুষ তাঁর অর্থনৈতিক নীতির ওপর অসন্তুষ্ট ছিলেন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশে।
যুদ্ধ ও অর্থনৈতিক সংকটের জোড়া ধাক্কায় প্রেসিডেন্টের সামগ্রিক জনপ্রিয়তায় বড় ধস নেমেছে। জরিপ অনুযায়ী, বর্তমানে ৬১ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক ডোনাল্ড ট্রাম্পের সার্বিক কর্মকাণ্ডে চরম অসন্তুষ্ট বলে জানিয়েছেন।