মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের জন্য ৬০ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ‘একটি অস্থায়ী ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন আশা করে—তেহরান চুক্তিতে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে।
কুয়েত সিটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, যদি তারা (ইরান) সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা না করে, তবে প্রেসিডেন্টের (ট্রাম্পের) হাতে অনেক বিকল্প রয়েছে। এর মধ্যে এই নিষেধাজ্ঞাগুলো বহাল করাও যেতে পারে। আমি বলছি না, তিনি এটা করবেন, আমি বলছি—নিষেধাজ্ঞাগুলো পুনরায় বহাল করার সুযোগ রয়েছে।
মার্কো রুবিও বলেন, সুইজারল্যান্ডে তারা (ইরান) খুব স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রেসিডেন্ট (ট্রাম্প) খুব পরিষ্কারভাবে বলেছেন, তাদের সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে হবে।
রুবিও আরও বলেন, যদি ইরান প্রতিশ্রুতিগুলো রক্ষা করে, আমরা এগোব। যদি তা না করে, তবে এ বিষয়ে কী করা হবে সেজন্য প্রেসিডেন্টের হাতে বিকল্প রয়েছে। আশা করি, তারা সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে।