ইউরোপে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত কোটি মানুষ

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবারও (২৫ জুন) ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ পশ্চিম ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো।

বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণ অনুযায়ী, আজ বৃহস্পতিবার ইউরোপে অন্তত ১০ কোটি ১০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হবেন। এর মধ্যে শুধু ফ্রান্সেই প্রায় ৫ কোটি এবং জার্মানিতে ১ কোটি ৮০ লাখ মানুষ চরম গরমের প্রভাব অনুভব করবেন।

এছাড়া ৩৮ কোটি মানুষের বেশি এলাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে, যা ইউরোপের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ। খবর আল জাজিরার। 

ফ্রান্সে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। দেশটির প্রায় ৬ কোটি ৩০ লাখ মানুষ ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রার মধ্যে রয়েছেন। ফরাসি আবহাওয়া সংস্থা দেশের তিন-চতুর্থাংশ এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর থেকে শুক্রবার (২৬ জুন) দুপুর পর্যন্ত সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ব্রিটানিতে অতিরিক্ত গরমে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল হয়ে কয়েক হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে প্রচণ্ড গরমে অনেকেই বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করতে পারছেন না।

এদিকে প্যারিসের উপকণ্ঠের সাঁ-গ্রাতিয়েঁ এলাকায় একটি গাড়ির ভেতর থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। চলতি সপ্তাহে ফ্রান্সে গরমে গাড়ির ভেতরে শিশুর মৃত্যুর এটি তৃতীয় ঘটনা।

স্পেনেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশটির সরকারি পর্যবেক্ষণ ব্যবস্থা ‘মোমো’-এর তথ্য অনুযায়ী, রোববার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের কারণে অন্তত ২১২ জনের মৃত্যু হয়ে থাকতে পারে।

স্পেনে গত সোমবার ও মঙ্গলবার জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল রেকর্ড পর্যায়ে, যা মানুষের স্বাভাবিক ঘুম ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

দেশটির উত্তরাঞ্চলের কান্তাব্রিয়া ও বাস্ক অঞ্চলের মতো তুলনামূলক শীতল এলাকাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। যদিও বৃহস্পতিবার বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা প্রত্যাহার করে নিম্ন পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে।

জার্মানিতে ৭ কোটি, ইতালিতে ৪ কোটি ৮০ লাখ এবং যুক্তরাজ্যে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রার মুখোমুখি হতে পারেন। বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়াতেও তাপপ্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *