আ.লীগ-বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিদায় নিয়েছে। আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে আমাদের লড়াই সংসদ ও সংসদের বাইরে চালিয়ে যাবো।’

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ আমলে সংগঠিত সকল গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘নতুন সরকার গঠিত হওয়ার পর গত চার মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখিনি। কোনো নতুন তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয়নি। এটা স্পষ্ট যে, যেই চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। এবং নতুন, যোগ্য, দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে। যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের মাধ্যমে বিচার নিশ্চিত করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবেন।’

আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপির এ শীর্ষ নেতা বলেন, ‘আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট গণহত্যাকারী সন্ত্রাসবাদী সংগঠন। স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী সংগঠন যার আশ্রয় হয়েছে দিল্লিতে। কারণ, দিল্লিতে আওয়ামী লীগের শেকড় রয়েছে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টি(দল) ছিল। ফলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই।’

সরকারের কয়েকজন মন্ত্রীর সমালোচনা করে দেশে আওয়ামী লীগের আমলে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, ‘বিচার নিশ্চিত করা না হলে এই সরকার কোনোভাবেই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।’

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *