জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এবং দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি, ছয়টি ককটেল (পুলিশের ভাষ্যমতে), দুই বোতল পেট্রোল এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মনিরের ব্যক্তিগত কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় অফিসের দুটি কক্ষের তালা খুলে তল্লাশি চালানো হয়। এ সময় একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে একটি কক্ষের মেঝেতে কম্বলের ভেতর থেকে দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি, ছয়টি ককটেল এবং দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্ত্র, বিস্ফোরক সদৃশ সামগ্রী ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ, ককটেল ও অন্যান্য আলামতের উৎস, মালিকানা এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এসএন/পিডিকে