আসিয়ান কাপ নিয়ে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ 

ফিফা আসিয়ান কাপে খেলার বিষয়ে এখনও সবুজ সঙ্কেত পায়নি বাংলাদেশ। খেলার আগ্রহ প্রকাশ করলেও আনুষ্ঠানিক বার্তা এখনও আসেনি। তবে বাফুফে অপেক্ষায় আছে শিগগিরই মিলবে খেলার আনুষ্ঠানিক চিঠি।  সোমবার (১৭ আগস্ট) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এসব তথ্য দিয়েছেন।  

এছাড়া ২১ আগস্ট থেকে ঘরোয়া ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ আবাহনী লিমিটেডের মধ্যে এই ম্যাচ হওয়ার কথা ছিল। তবে উদ্ভুত পরিস্থিতিতে এই ম্যাচ এবার হচ্ছে না।  

ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপ নতুন এক সংস্করণ। লিগ চ্যাম্পিয়নের সঙ্গে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হয়। লিগ ও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন একই ক্লাব হলে লিগ রানার্স আপ চ্যালেঞ্জ কাপ খেলবে। গত দুই মৌসুম বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান এই দুই ম্যাচ খেলেছে। দুই বারই কিংস চ্যাম্পিয়ন হয়েছে। এবার আবাহনীর খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত হচ্ছে না।   

২৫ আগস্ট ফেডারেশন কাপ, ২৮ আগস্ট থেকে লিগ শুরু হওয়ার সূচি। আবাহনী ও কিংস ফিফা নিষেধাজ্ঞা থাকায় এখনও ফুটবলার নিবন্ধন করতে পারেনি। ওয়ান্ডারার্স, আরামবাগ সপ্তাহ দু’য়েক আগে লিগে খেলার অনুমতি পেয়েছে। তাদের চাওয়ায় সময় বর্ধিত করা হয়েছে।  

এরপরও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এখন পর্যন্ত সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী শুরু করার আশা ব্যক্ত করে বলেন, “২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ হচ্ছে না। আজ ক্লাব লাইসেনসিংয়ের শেষ দিন। আমরা আজ রাত পর্যন্ত অপেক্ষা করবো। এরপর সিদ্ধান্ত নেবো। ফেডারেশন কাপ ও লিগ ঘোষিত সূচি অনুযায়ী শুরুর ইচ্ছে রয়েছে।”  

বাফুফে সভাপতির ইচ্ছে থাকলেও বাস্তবতা ভিন্ন। বসুন্ধরা কিংসের এখনও দশটি নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাফুফে সভাপতির সঙ্গে ক্লাবগুলোর আলোচনা সভায় বসুন্ধরা কিংসের প্রতিনিধি কোচ সৈয়দ গোলাম জিলানী আরও সাত কর্ম দিবস সময় চেয়েছেন। সাত কর্ম দিবসের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা ক্লাব লাইসেনসিংয়ের জন্য আবেদনের যোগ্য হবেন। এরপর ফুটবলার নিবন্ধনের সুযোগ পাবেন। ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া ফুটবলের দলবদল। আগস্টের শেষ সপ্তাহে ফেডারেশন কাপ, লিগ শুরুর সূচি থাকায় ১৯ আগস্টের মধ্যে ফুটবলার নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। তাই অনেক ক্লাবের চাওয়া ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ।  

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *