বয়সের পার্থক্য নিয়ে বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান এবং তাঁর স্ত্রী শুরা খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা প্রায়ই দেখা যায়। তবে এবার এক ট্রলের মন্তব্যের জবাব দিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন শুরা।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। সেখানে একজন ব্যবহারকারী জানতে চান, ‘ওই বুড়ো মানুষটার সঙ্গে কি আপনি সুখে আছেন?’ প্রশ্নটির সঙ্গে একটি হাসির ইমোজিও যুক্ত ছিল। মন্তব্যটি এড়িয়ে না গিয়ে শুরা রসিকতাপূর্ণ ভঙ্গিতে উত্তর দেন।
তিনি লেখেন, ‘বুড়ো মানুষ? একদমই না। তিনি তো বরং একটি লিমিটেড এডিশন ভিনটেজ মডেল।’
শুরার এই জবাব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন অনেক ভক্ত।
একই প্রশ্নোত্তর পর্বে আরেক অনুসারী জানতে চান, আরবাজ খানের সঙ্গে প্রথম ডেটে যেতে কেন রাজি হয়েছিলেন তিনি। মজার ছলে শুরার উত্তর, ‘আমি একটা বাজিতে হেরে গিয়েছিলাম। তাই ওকে আমাকে ডিনারে নিয়ে যেতে হয়েছিল।’
বিয়ের পরের জীবন নিয়ে প্রশ্ন করা হলে সংক্ষিপ্ত অথচ অর্থবহ উত্তর দেন শুরা। এক শব্দে তিনি বলেন, ‘অসাধারণ।’
মাতৃত্ব নিয়েও কথা বলেন তিনি। গত বছর কন্যাসন্তানের মা হওয়া শুরা জানান, মেয়েকে নিয়ে সময় কাটানো তাঁর জীবনের সবচেয়ে বিশেষ অভিজ্ঞতাগুলোর একটি। তবে এই যাত্রা যেমন আনন্দের, তেমনি বেশ ক্লান্তিকরও। তাঁর ভাষায়, ‘এটা যেন এক জাদুকরি অভিজ্ঞতা, আর প্রতি কয়েক সেকেন্ড পরপরই আমাকে কেউ না কেউ ডাকছে।’
মেয়ের নাম ‘সিপারা’ রাখার পেছনের গল্পও শেয়ার করেন শুরা। তিনি জানান, নামটি বেছে দিয়েছেন আরবাজ খানের বাবা, প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান।
পেশায় মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে আরবাজ খানের পরিচয় হয় ‘পাটনা শুক্লা’ ছবির শুটিংয়ের সময়। দীর্ঘদিন সম্পর্কের বিষয়টি আড়ালে রাখার পর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
এটি আরবাজ খানের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাঁদের এক ছেলে, আরহান খান। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গেও সম্পর্কে ছিলেন আরবাজ।
এসএন/কে