গেল ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন গল্প নিয়ে আবারও বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন এই দুই তারকা।
তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। এর মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের।
জানা গেছে, টাইম ট্রাভেল, রোমান্স ও রহস্যের মিশেলে নির্মিত হবে সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর।
নির্মাতারা বলছেন, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের ভিন্নধর্মী এক যাত্রার মধ্য দিয়ে দর্শকদের পরিচিত গল্প বলার কাঠামোর বাইরে নিয়ে যেতে চান তারা। প্রচলিত গল্পের বাইরে গিয়ে দর্শকদের নতুন ধরনের সিনেমাটিক অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য।
‘কানাভুলা প্যারাডক্স’-এর গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস থেকে।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়মান আসিব স্বাধীন এর আগে তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনায় কাজ করেছেন। অন্যদিকে এই তিনটি কাজেই গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন সুস্ময় সরকার।
‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে দর্শকদের ভালোবাসা ও সাফল্য পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ। সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। ‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে বুড়িগঙ্গা টকিজের তৃতীয় চলচ্চিত্র।