পাঁচ বছর ধরে চলা মামলার দ্রুত নিষ্পত্তি ও রায় চান চিত্রনায়িকা পরীমনি। তিনি বলেছেন, মামলাটি নিয়ে দীর্ঘদিনের আইনি প্রক্রিয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। দ্রুত জেরা শেষ করে মামলাটি যেন একটি সমাধানে পৌঁছায়, সেই প্রত্যাশা তার।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, ‘আমি খুবই দোয়া করছি আল্লাহর কাছে যে এটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার আর কিছু চাওয়ার নেই।’
মামলার কারণে তার সম্মানহানির বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, মানুষের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় সম্মান।
তিনি বলেন, ‘আপনারা সবাই যে আমাকে ভালোবাসেন, এটাই তো আমার জন্য অনেক। আর তো কিছু চাওয়ার নাই। এটাই আমার কাছে অনেক সম্মানের।’
মামলার নতুন তারিখ নির্ধারণের বিষয়ে পরীমনি বলেন, আগামী তারিখে যথাযথভাবে জেরা শেষ হয়ে মামলাটি যেন একটি সমাধানে আসে, সেটিই তার প্রত্যাশা।
পরীমনি বলেন, ‘রায়টা যেন যত তাড়াতাড়ি হয়, সেটাই আমি চাই। কারণ আমার জন্য অনেক হ্যাসল ছিল। আদালতে পাঁচটা বছর পার হয়ে গেল, আমি আর চাই না এত হ্যাসল নিতে।’
দীর্ঘদিন ধরে মামলার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্বাস করেন, যার সঙ্গে ঘটে সে বোঝে, এটার মধ্য দিয়ে যাওয়া যে কী! আমি অনেকটা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাই। দৈনন্দিন যে কোনো পয়েন্টে আমার এই ঘটনাগুলো রিকল হলে আমার জন্য সেটা একটা মেন্টাল টর্চার।’
মামলাটি আগের সরকারের সময়ে হয়েছিল—এখন সরকার পরিবর্তনের পর তিনি কী প্রত্যাশা করছেন, এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখতে চান না। তার কাছে মামলায় আইনই মুখ্য।
তিনি বলেন, ‘দল দিয়ে আমি ওভাবে দেখব না। আমি দেখব আমার মামলাটা, আমি দেখব আইনকে। আমার মনে হয় না আইনের কোনো দলের জন্য আসলে বিভক্ত হয়ে যায়। আমার মনে হয় আইন আইনের জায়গাতেই থাকে।’
পরীমনি আরও বলেন, ‘আমি আইনকে রেসপেক্ট করি বলেই তো আমি এই পাঁচ বছর ধরে অপেক্ষায় আছি যে একটা জাস্টিস পাব।’
দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
এসএন/পিডিকে