আইসিএমএবিতে ইএসজি সেন্টার উদ্বোধন

বাংলাদেশে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) চর্চা, টেকসই নেতৃত্ব ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ইএসজি সেন্টার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিএমএবির ডেপুটি ডিরেক্টর মো. মোসলেম উদ্দিন জানান, আইসিএমএবির ইএসজি সেন্টার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. কাউসার আলম। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এসডিজি ও ইএসজি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সালিম, কমিটির সদস্যসহ আইসিএমএবি কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি প্রথম ধরনের বিশেষায়িত ইএসজি উদ্যোগ। সেন্টারটি ইএসজি বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, কারিগরি নির্দেশনা, জ্ঞান উন্নয়ন, পেশাগত সংলাপ ও অংশীজনদের সঙ্গে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এতে আরও বলা হয়, এর মাধ্যমে ব্যবস্থাপনা হিসাববিদদের ইএসজি, জলবায়ু ঝুঁকি, টেকসই রিপোর্টিং, সুশাসন ও দায়িত্বশীল বিনিয়োগ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে টেকসই ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গঠনে অবদান রাখার লক্ষ্য রয়েছে। আইসিএমএবি আশা করছে, ইএসজি সেন্টার জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, পেশাগত উৎকর্ষ ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *